ময়মনসিংহ বিভাগীয় তথ্য কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উদ্বোধনে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

 

জেলা পর্যায়ে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের আওতায় ময়মনসিংহ বিভাগীয় তথ্য কমপ্লেক্স নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

আজ শনিবার (০৪ এপ্রিল)  বিকালে ঢাকা-ময়মনসিংহ হাইওয়ের পাশে নগরীর শিকারীকান্দা ছত্রপুরে তথ্য কমপ্লেক্সের জন্য অধিগ্রহণকৃত নিজস্ব জায়গায় এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা ও গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল জলিল এ সময় উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, দেশের ৬৪ টি জেলায় ৬৪ টি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে। সে উদ্দেশ্যে বিভাগীয় শহরসহ ২৬ টি জেলার কাজ হাতে নেওয়া হয়েছে। এটা আমার প্রথম উদ্বোধনী অনুষ্ঠান। কয়েক সপ্তাহের মধ্যেই আরো চারটি ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হবে। প্রয়োজনে অনুমোদন সাপেক্ষে পর্যায়ক্রমে আমরা উপজেলা পর্যায়েও তথ্য কমপ্লেক্স ভবন করার প্রকল্প হাতে নিব ইনশাআল্লাহ। নির্বাচনী ইশতেহার নিয়ে জনগণের কাছে গিয়েছিলাম। জনগণকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষার সর্বোচ্চ চেষ্টা করছি। বিগত সরকারের আমলে উন্নয়নের নামে হাতে প্রকল্প নেওয়া হয়েছিল কিন্তু কাজ হয়নি। আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের কাজে দুর্নীতি স্পর্শ করতে পারবে না। গুনাগুণ ঠিক রেখে সঠিকভাবে কাজ শেষ করার জন্য ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানান তিনি।

গণমাধ্যম প্রতিনিধিদের প্রতি প্রধান অতিথি বলেন, গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করি আমরা। কিন্তু মিস ইনফরমেশন দিবেন না আপনারা। তথ্যের অবাধ প্রবাহ যেন বজায় থাকে সেদিকে খেয়াল রাখবেন। মিথ্যা বা বানোয়াট কিছু যেন সংবাদে রূপ না নেয়।

ময়মনসিংহে ১৯.৩০ কোটি টাকা ব্যয়ে ০৭ তলা বিশিষ্ট বিভাগীয় তথ্য কমপ্লেক্স ভবন নির্মাণের জন্য ঠিকাদারের সাথে ১৮ মাস মেয়াদী চুক্তি সম্পন্ন হয়েছে। ৪ এপ্রিল নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে কাজ শুরু হলো। নির্মিতব্য তথ্য কমপ্লেক্সে সিনেপ্লেক্স, ইন্টারনেট/সাইবার ক্যাফে, ইনফরমেশন কিয়স্ক, ডিজিটাল আর্কাইভ এবং ডিজিটাল ল্যাবের ব্যবস্থা থাকবে।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles