সাউথইস্ট ব্যাংক পিএলসি, মাস্টারকার্ড, সিসিআই বাংলাদেশ ও এসএসএল কমার্জ এর সহযোগিতায় সিসিআই বাংলাদেশের ডিস্ট্রিবিউটরদের জন্য একটি কো-ব্র্যান্ডেড এসএমই ক্রেডিট কার্ড চালুর ঘোষণা দিয়েছে। সিসিআই বাংলাদেশ বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় কোকা-কোলা কোম্পানির পানীয় উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠান কোকা-কোলা ইচেজেক (সিসিআই)-এর অংশ।
নতুন এই কার্ডের মাধ্যমে শহর ও গ্রামাঞ্চলে সিসিআই বাংলাদেশের ২০০ ডিস্ট্রিবিউটর সহজে প্রয়োজনীয় অর্থের সুবিধা, নিরাপদ ডিজিটাল পেমেন্ট এবং ব্যবসার অর্থ ব্যবস্থাপনায় আরও সুবিধা পাবেন। এতে দৈনন্দিন খরচ সামলানোর পাশাপাশি ব্যবসা সম্প্রসারণও সহজ হবে।
কার্ডটিতে সর্বোচ্চ ৪৫ দিন পর্যন্ত সুদমুক্ত ক্রেডিট সুবিধা রয়েছে। এর মাধ্যমে ডিস্ট্রিবিউটররা দৈনন্দিন ব্যবসার খরচ ও ক্যাশ ফ্লো আরও সহজে সামলাতে পারবেন। তাদের ব্যবসার প্রয়োজন বিবেচনায় তৈরি এই কার্ড পণ্য কেনা ও অন্যান্য পরিচালন ব্যয় মেটানোর পাশাপাশি দায়িত্বশীলভাবে ক্রেডিট ব্যবহারে সহায়তা করবে।
এই সহযোগিতার মাধ্যমে সাউথইস্ট ব্যাংক, মাস্টারকার্ড ও সিসিআই বাংলাদেশ ডিস্ট্রিবিউটরদের ব্যবসা পরিচালনা সহজ করা, ডিজিটাল পেমেন্টের ব্যবহার বাড়ানো এবং পুরো ভ্যালু চেইনের দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি এগিয়ে নিতে কাজ করছে।
মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জাকিয়া সুলতানা বলেন, বাংলাদেশের অর্থনীতিতে ডিস্ট্রিবিউটরদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তারা ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে ভোক্তাদের কাছে পৌঁছাতে এবং পুরো ভ্যালু চেইনের প্রবৃদ্ধিতে সহায়তা করেন। ব্যবসা-বাণিজ্য যত বেশি ডিজিটাল হচ্ছে, সঠিক আর্থিক সেবা প্রতিষ্ঠানগুলোকে আরও দক্ষভাবে কার্যক্রম পরিচালনা এবং নতুন সুযোগ কাজে লাগাতে সহায়তা করতে পারে। এই সহযোগিতার মাধ্যমে নিরাপদ পেমেন্ট ও ক্রেডিট সল্যুশন দিয়ে দেশের ডিস্ট্রিবিউশন ইকোসিস্টেমের ডিজিটাল রূপান্তরে সহায়তা করছে মাস্টারকার্ড। এর ফলে ব্যবসা পরিচালনা আরও সহজ হবে, সক্ষমতা বাড়বে এবং দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধির সুযোগ তৈরি হবে।
সাউথইস্ট ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টার মোঃ সেকান্দার-ই- আজম বলেন, বাংলাদেশের ব্যবসা প্রতিষ্ঠানগুলোর পরিবর্তনশীল আর্থিক চাহিদা পূরণে প্রয়োজনীয় সমাধান দিতে সাউথইস্ট ব্যাংক পিএলসি প্রতিশ্রুতিবদ্ধ। এই কো-ব্র্যান্ডেড এসএমই ক্রেডিট কার্ড সিসিআই বাংলাদেশের ডিস্ট্রিবিউটরদের কার্যকর মূলধন সহজে পাওয়ার সুযোগ দেওয়ার পাশাপাশি অর্থ ব্যবস্থাপনা আরও সহজ করবে। এর মাধ্যমে তারা আরও স্বাচ্ছন্দ্য ও আত্মবিশ্বাসের সঙ্গে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে পারবেন।
এই উদ্যোগ বাংলাদেশের এসএমই খাতে উদ্ভাবনী আর্থিক সেবার পরিধি বাড়ানো, ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের সক্ষমতা বৃদ্ধি এবং আরও অন্তর্ভুক্তিমূলক ও ডিজিটাল অর্থনীতি গড়ে তোলার ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর যৌথ অঙ্গীকারের প্রতিফলন।
সিসিআই বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর শাদাব আহমেদ খান বলেন, সারা দেশে ভোক্তাদের কাছে আমাদের পণ্য পৌঁছে দিতে ডিস্ট্রিবিউটররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এই সহযোগিতা ডিস্ট্রিবিউটর নেটওয়ার্ককে এমন আর্থিক সমাধান দেওয়ার ক্ষেত্রে সিসিআই বাংলাদেশের অঙ্গীকারের প্রতিফলন, যা ব্যবসায়িক কার্যক্রম আরও কার্যকর করবে, অর্থায়নের সুযোগ সহজ করবে এবং দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধিতে সহায়তা করবে।
এসএসএল কমার্জের ম্যানেজিং ডিরেক্টর সাইফুল ইসলাম বলেন, প্রযুক্তি, ব্যাংকিং ও আন্তর্জাতিক ব্র্যান্ডগুলো একটি অভিন্ন লক্ষ্য নিয়ে একসঙ্গে কাজ করলে কী ধরনের সম্ভাবনা তৈরি হতে পারে, এই উদ্যোগ তারই উদাহরণ। এই সহযোগিতায় ডিজিটাল পেমেন্টের মূল প্রযুক্তিগত প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে এসএসএল কমার্জ, যা একটি নিরাপদ ও সহজ প্ল্যাটফর্মের মাধ্যমে সিসিআই বাংলাদেশের ডিস্ট্রিবিউশন ইকোসিস্টেমকে সাউথইস্ট ব্যাংক ও মাস্টারকার্ডের সঙ্গে যুক্ত করেছে। ২৫ বছরের বেশি সময় ধরে দেশজুড়ে ডিজিটাল লেনদেনে প্রযুক্তিগত সেবা দেওয়ার অভিজ্ঞতা নিয়ে, একেকটি ব্যবসাকে ডিজিটালভাবে এগিয়ে নেওয়ার মাধ্যমে বাংলাদেশের ডিজিটাল অর্থনীতিকে আরও শক্তিশালী করতে এসএসএল কমার্জ প্রতিশ্রুতিবদ্ধ।

