পুরাতন বাণিজ্য মেলার মাঠে ডিএনসিসির কেন্দ্রীয় ঈদ জামাত সকাল ৮ টায়

 

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে রাজধানীর আগারগাঁওয়ে চিন-মৈত্রী সম্মেলন কেন্দ্র সংলগ্ন পুরাতন বাণিজ্য মেলার মাঠে সকাল ৮টায় কেন্দ্রীয় ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

ডিএনসিসি কেন্দ্রীয় ঈদ জামাত আয়োজন উপলক্ষ্যে আজ রবিবার (১৫ মার্চ) ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কনফারেন্স রুমে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় ঈদ জামাত অনুষ্ঠানের সময়সূচি নির্ধারণ করা হয়।

সভায় সভাপতিত্ব করেন ডিএনসিসি প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান।

সভায় জানানো হয়, নগরবাসীর জন্য একটি সুশৃঙ্খল ও সুন্দর পরিবেশে ঈদের জামাত আয়োজনের লক্ষ্যে প্রয়োজনীয় সকল প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। ঈদগাহে প্রবেশের জন্য ৩ টি গেট রাখা হবে এবং নারীদের জন্য আলাদা প্রবেশপথের ব্যবস্থা করা হবে। মুসল্লিদের সুবিধার্থে ওজুর ব্যবস্থা রাখা হবে।

আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) দুই প্লাটুন পুলিশ মোতায়েন করবে। এছাড়া ট্রাফিক ব্যবস্থাপনা, বিদ্যুৎ ও পানি সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থা যেমন ট্রাফিক বিভাগ, ডিপিডিসি ও ওয়াসা সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করবে।

সভায় ডিএনসিসি প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্তদের উদ্দেশে বলেন, “যার যার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে এবং নগরবাসীকে এ বিষয়ে অবহিত করতে হবে।”

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের কেন্দ্রীয় ঈদ জামাতে অংশগ্রহণের জন্য সকল ধর্মপ্রাণ মুসল্লি ও নগরবাসীকে আমন্ত্রণ জানানো হয়েছে।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles