৩ ভেন্যুতে এশিয়া কাপ আয়োজনের ভাবনায় বিসিবি

আগামী বছরের ওয়ানডে ফরম্যাটের এশিয়া কাপ আয়োজনের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টুর্নামেন্টটির সম্ভাব্য ভেন্যু হিসেবে মিরপুর, সিলেট ও চট্টগ্রামকে বিবেচনায় রাখা হয়েছে বলে জানিয়েছে বিসিবি।

এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ইতোমধ্যে টুর্নামেন্টের সম্ভাব্য সময়সূচি প্রায় চূড়ান্ত করেছে। যদিও আনুষ্ঠানিক সূচি এখনো প্রকাশ করা হয়নি। আগামী বছরের জুন-জুলাই মাসে এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে, যার আয়োজক বাংলাদেশ।

মঙ্গলবার (৭ জুলাই) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিসিবির নিরাপত্তা কমিটির চেয়ারম্যান সাঈদ ইব্রাহিম আহমেদ বলেন, আমরা মিরপুর, চট্টগ্রাম এবং সিলেট আমাদের নিয়মিত আন্তর্জাতিক ভেন্যুগুলো নিয়ে বিবেচনা করছি। তবে এখনো কোনো কিছু চূড়ান্ত হয়নি। ইনশাল্লাহ আগামী বছরের এশিয়া কাপ বাংলাদেশে হলে সবাই একটি সুন্দর আয়োজন দেখতে পাবেন।

তিনি আরও জানান, প্রস্তাবিত তিনটি ভেন্যু সম্পর্কে বিসিবির কাছে আরও বিস্তারিত তথ্য চেয়েছে এসিসি। আশা করা হচ্ছে, আগামী কয়েকদিনের মধ্যেই ভেন্যু চূড়ান্ত করা হবে।

সাঈদ ইব্রাহিম আহমেদের ভাষ্য, আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং প্রস্তাবিত তিনটি ভেন্যু নিয়ে আরও কিছু তথ্য চাওয়া হয়েছে। আমরা আশা করছি, খুব শিগগিরই বিষয়টি চূড়ান্ত করতে পারব।

প্রায় ১১ বছর পর বাংলাদেশে এশিয়া কাপ আয়োজনের সম্ভাবনায় আশাবাদী বিসিবি। তিনি বলেন, এত বছর পর এশিয়া কাপ আবার বাংলাদেশে ফিরছে। আমরা চাই দর্শক ও ক্রিকেটপ্রেমীদের একটি সফল ও মানসম্মত টুর্নামেন্ট উপহার দিতে। এ লক্ষ্যে আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছি।

সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে, মিরপুর, সিলেট ও চট্টগ্রাম এই তিন আন্তর্জাতিক ভেন্যুতেই অনুষ্ঠিত হতে পারে এশিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ ওয়ানডে ক্রিকেট আসর।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles