২০২৬ বিশ্বকাপের গ্রুপ ‘সি’-তে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে ব্রাজিলকে স্পষ্ট ফেভারিট হিসেবে দেখছে অপটার সুপার কম্পিউটার। ২৫ হাজার প্রাক-ম্যাচ সিমুলেশনের ভিত্তিতে করা পূর্বাভাসে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের জয়ের সম্ভাবনা ধরা হয়েছে ৬৯.৬ শতাংশ।
বৃহস্পতিবার (২৫ জুন) মায়ামি স্টেডিয়ামে মুখোমুখি হবে ব্রাজিল ও স্কটল্যান্ড। সুপার কম্পিউটারের বিশ্লেষণ অনুযায়ী, ম্যাচটি ড্র হওয়ার সম্ভাবনা ১৮.২ শতাংশ, আর স্কটল্যান্ডের জয়ের সম্ভাবনা মাত্র ১২.২ শতাংশ।
প্রায় ২৮ বছর পর বিশ্বকাপের মঞ্চে আবারও দেখা হচ্ছে দুই দলের। এর আগে ১৯৯৮ বিশ্বকাপে তাদের সর্বশেষ সাক্ষাতে ২-১ ব্যবধানে জয় পেয়েছিল ব্রাজিল।
চলতি বিশ্বকাপে স্কটল্যান্ড প্রথম ম্যাচে হাইতিকে ১-০ গোলে হারালেও দ্বিতীয় ম্যাচে একই ব্যবধানে মরক্কোর কাছে পরাজিত হয়। তবুও ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে ওঠার আশা এখনও বেঁচে আছে তাদের। শক্তিশালী ব্রাজিলের বিপক্ষে জয় পেলে গ্রুপের শীর্ষ দুইয়ে থাকা নিশ্চিত হবে স্কটিশদের। ড্র করলেও শেষ ৩২-এ জায়গা পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল থাকবে।
অন্যদিকে, প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করার পর দ্বিতীয় ম্যাচে হাইতিকে ৩-০ ব্যবধানে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে ব্রাজিল। সেলেসাওদের লক্ষ্য এখন গ্রুপ ‘সি’-এর শীর্ষস্থান নিশ্চিত করা।
তবে ইতিহাস ব্রাজিলকে কিছুটা সতর্কও করছে। বিশ্বকাপের গ্রুপ পর্বে তাদের সর্বশেষ তিনটি হারই এসেছে তৃতীয় ম্যাচে। এর মধ্যে কাতার বিশ্বকাপে ক্যামেরুনের বিপক্ষে ১-০ গোলের অপ্রত্যাশিত পরাজয়ও রয়েছে। ফলে স্কটল্যান্ডকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই ব্রাজিলের।
ব্রাজিল সমর্থকদের জন্য সবচেয়ে বড় সুখবর হলো, এই ম্যাচেই মাঠে ফিরতে পারেন দলের তারকা ফরোয়ার্ড নেইমার। চোটের কারণে গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে অনুপস্থিত থাকা এই তারকাকে নিয়ে কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, তিনি স্কটল্যান্ডের বিপক্ষে পুরো ৯০ মিনিট খেলার মতো ফিট আছেন।
এখন দেখার বিষয়, সুপার কম্পিউটারের পূর্বাভাস সত্যি করে ব্রাজিল জয় তুলে নিতে পারে কি না, নাকি বিশ্বকাপে নতুন কোনো চমক উপহার দেয় স্কটল্যান্ড।

