ষষ্ঠ বিশ্বকাপ খেলতে মাঠে নামছেন রোনালদো

ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ খেলতে মাঠে নামছেন পর্তুগালের মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ডকে নিয়ে পর্তুগাল কোচ রবের্তো মার্তিনেজ বলেছেন, রোনালদো এখনও ফুটবলের জন্য এক অনন্য উদাহরণ এবং অনুপ্রেরণার নাম।

নতুন প্রজন্মের প্রতিভাবান খেলোয়াড়দের নিয়ে এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো শিরোপার অন্যতম দাবিদার হিসেবে বিবেচিত হচ্ছে পর্তুগাল। তবে রোনালদোর বর্তমান কার্যকারিতা নিয়ে আলোচনা ও বিতর্কও কম নয়। সাম্প্রতিক বড় টুর্নামেন্টগুলোতে শেষ নয় ম্যাচে গোল না পাওয়ায় তার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।

তবে এসব সমালোচনাকে গুরুত্ব দিচ্ছেন না কোচ মার্তিনেজ। তিনি বলেন, “ক্রিশ্চিয়ানো রোনালদো ফুটবলের একটি উদাহরণ এবং রেফারেন্স। ছোটবেলা থেকে যারা খেলাধুলার প্রতি ভালোবাসা তৈরি করে, তাদের জন্য তাকে অনুসরণ করা দারুণ বিষয়।”

মার্তিনেজ আরও জানান, ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নামলেও রোনালদোর মধ্যে প্রথম বিশ্বকাপের মতোই আবেগ, তীব্রতা ও নেতৃত্ব দেওয়ার মানসিকতা দেখা যাচ্ছে।

পর্তুগাল কোচের মতে, দলের আক্রমণভাগে রোনালদো এখনও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। পেনাল্টি বক্সে তার সঠিক মুভমেন্ট শুধু গোলের সুযোগই তৈরি করে না, সতীর্থদের জন্যও জায়গা তৈরি করে দেয়।

জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ১৪৩ গোল করেছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রোনালদো, যা আন্তর্জাতিক ফুটবলে এক অনন্য রেকর্ড।

অন্যদিকে, পর্তুগালের মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেজ জানিয়েছেন, ছোটবেলা থেকেই রোনালদো তার অনুপ্রেরণার উৎস। তিনি বলেন, “আমরা সবাই ক্রিশ্চিয়ানোকে দেখে বড় হয়েছি। তার সঙ্গে একই দলে খেলতে পারা আমাদের জন্য গর্বের বিষয়। আমরা সবাই তাকে সমর্থন করছি এবং পর্তুগালকে যতদূর সম্ভব এগিয়ে নিতে চাই।”

বিশ্বকাপের মঞ্চে অভিজ্ঞতা ও নতুন প্রজন্মের সমন্বয়ে এবার ইতিহাস গড়ার স্বপ্ন দেখছে পর্তুগাল, আর সেই স্বপ্নের অন্যতম প্রধান ভরসার নাম ক্রিশ্চিয়ানো রোনালদো।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles