জনবান্ধব প্রশাসন গঠনে নিরীক্ষা কার্যক্রমকে কার্যকর করার আহ্বান সিএজির

 

কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল (সিএজি) কার্যালয়ের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত বিশেষ সেবা কার্যক্রম-এর সমাপনী দিনে মঙ্গলবার বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল মোঃ নূরুল ইসলাম বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর, দপ্তর ও করপোরেশন সংশ্লিষ্ট ১৭টি অডিট অধিদপ্তরে পরিচালিত বিশেষ সেবা কার্যক্রম পরিদর্শন করেন।

১১–১৯ মে পর্যন্ত পরিচালিত এই বিশেষ সেবা সপ্তাহে সারা দেশের নিরীক্ষা ও হিসাবরক্ষণ কার্যালয় এবং অডিট অধিদপ্তরসমূহে সর্বমোট ১ লাখ ৮ হাজার ৩৪৬ জন সেবাগ্রহীতাকে দ্রুত ও আন্তরিকতার সঙ্গে বিভিন্ন সেবা প্রদান করা হয়।

পরিদর্শনকালে ডেপুটি কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল (সিনিয়র) মোঃ শরীফুল ইসলামসহ সংশ্লিষ্ট দপ্তরসমূহের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

বিশেষ সেবা সপ্তাহে পরিচালিত কার্যক্রমের মধ্যে ছিল Audit Management and Monitoring System (AMMS-2)-এর মাধ্যমে অডিট আপত্তির জবাব গ্রহণ, যথাযথ তথ্য ও প্রমাণক-সহ ব্রডশিট জবাবের ভিত্তিতে দ্রুত আপত্তি নিষ্পত্তি, প্রয়োজনীয় পরামর্শ প্রদান, নিরীক্ষাধীন প্রতিষ্ঠানের সঙ্গে অডিট আপত্তির Reconciliation এবং NOC প্রদানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম।

এ সময় সিএজি সংশ্লিষ্ট অডিট অধিদপ্তরের মহাপরিচালক ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে অবহিত হন।

পরিদর্শনকালে সিএজি বলেন, জনগণের জন্য সরকারি সেবা আরও দ্রুত, স্বচ্ছ ও মানসম্মতভাবে নিশ্চিত করতে সরকার নিরলস কাজ করছে। তিনি উল্লেখ করেন, বর্তমান সরকার জনবান্ধব প্রশাসন গড়ে তোলার লক্ষ্যে সেবাপ্রদান ব্যবস্থাকে আরও সহজ, মানবিক, প্রযুক্তিনির্ভর ও জবাবদিহিমূলক করার জন্য ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, ১৭টি অডিট অধিদপ্তরের মাধ্যমে কমপ্লায়েন্স, পারফরমেন্স, ফাইন্যান্সিয়াল, আইটি, জলবায়ু ও পরিবেশ, এসডিজি এবং রিয়েল টাইম অডিটসহ বিভিন্ন ধরনের নিরীক্ষা কার্যক্রম পরিচালিত হয়। সরকারি অর্থ ব্যয়ের ক্ষেত্রে মিতব্যয়িতা (Economy), দক্ষতা (Efficiency) ও কার্যকারিতা (Effectiveness) নিশ্চিত করার পাশাপাশি Value For Money এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় কমপ্লায়েন্স অডিটের পাশাপাশি পারফরমেন্স অডিটের ওপরও বর্তমান সরকার বিশেষ গুরুত্বারোপ করেছে বলে তিনি উল্লেখ করেন। এ লক্ষ্যে যথাযথভাবে অডিট কার্যক্রম পরিচালনার জন্য তিনি সংশ্লিষ্ট মহাপরিচালকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

সরকারি অর্থের সুষ্ঠু ব্যবস্থাপনা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হিসাব ও নিরীক্ষা কার্যক্রমকে আরও কার্যকর, ফলপ্রসূ ও জনকল্যাণমুখী করার লক্ষ্যে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারীকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান সিএজি।

পরিদর্শন শেষে সংশ্লিষ্ট অডিট অধিদপ্তরসমূহের কর্মকর্তাগণ বিশেষ সেবা সপ্তাহ উপলক্ষ্যে গৃহীত কার্যক্রম ও সেবার বিষয়ে প্রাপ্ত ফিডব্যাক সম্পর্কে সিএজিকে অবহিত করেন।

উল্লেখ্য, বিশেষ সেবা কার্যক্রমের আওতায় ১৭টি অডিট অধিদপ্তর, সিজিএ, ৫০টি সিএএফও কার্যালয়, ৮ বিভাগ, ৬৪ জেলা, ৪৯৫ উপজেলা, সিজিডিএফ, এসএফসি, এফসি-সহ বিভিন্ন সেনানিবাসে অবস্থিত এরিয়া এফসি/এফপিও অফিস, এডিজি ফাইন্যান্স বাংলাদেশ রেলওয়ে, এফএএন্ডসিএও, ডিএফএ ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহীসহ সারা বাংলাদেশের সকল নিরীক্ষা ও হিসাবরক্ষণ অফিসে বিভিন্ন সেবা প্রদান করা হয়।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles