চট্টগ্রাম জেলা পুলিশের নতুন পুলিশ সুপার হিসেবে মোঃ মাসুদ আলম বিপিএম বৃহস্পতিবার (০৭ মে) আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন। যোগদানের পূর্বে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে দায়িত্ব পালন করেন।
যোগদান উপলক্ষে চট্টগ্রাম জেলা পুলিশ অফিসে নবাগত পুলিশ সুপারকে সম্মানসূচক গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় জেলায় কর্মরত অতিরিক্ত পুলিশ সুপারবৃন্দ, সহকারী পুলিশ সুপারবৃন্দ, জেলার সকল থানার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যরা তাঁকে শুভেচ্ছা জানান।
চট্টগ্রাম জেলা পুলিশের নবনিযুক্ত পুলিশ সুপার গতিশীল নেতৃত্ব, পেশাদারিত্ব ও জনবান্ধব দৃষ্টিভঙ্গির মাধ্যমে চট্টগ্রাম জেলায় স্মার্ট পুলিশিং, আইনশৃঙ্খলা রক্ষা ও নাগরিক সেবার মান আরও উন্নত হবে বলে দৃঢ়ভাবে বিশ্বাস করে।
চট্টগ্রামবাসীর নিকট সর্বাত্মক সহযোগিতা কামনা করে নবাগত পুলিশ সুপার জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণের অঙ্গীকার ব্যক্ত করেন।
তিনি সকল থানার অফিসার ইনচার্জ, ট্রাফিক ইন্সপেক্টর, কোর্ট ইন্সপেক্টর, গোয়েন্দা শাখা (ডিবি), বিশেষ শাখা (ডিএসবি) ও অন্যান্য ইউনিটের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন এবং ‘টিম চট্টগ্রাম’ হিসেবে একযোগে দায়িত্ব পালনের জন্য নির্দেশনা প্রদান করেন।

