ঝিনাইগাতীতে পাহাড়ী ঢলে নিহত ইসমাইলের পরিবারের পাশে ইউএনও

শেরপুরের ঝিনাইগাতীতে পাহাড়ী ঢলে মহারশি নদীতে ভেসে গিয়ে প্রাণ হারানো কিশোর ইসমাইলের পরিবারের পাশে দাঁড়ালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে ইউএনও স্বশরীরে নিহত ইসমাইলের বাড়ীতে গিয়ে কবর জিয়ারত করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দেন। এসময় তিনি উপজেলা পরিষদের পক্ষ থেকে ত্রাণ তহবিল থেকে নগদ ২৫ হাজার টাকা অনুদান ইসমাইলের বাবা ঝালমুড়ি বিক্রেতা আব্দুল্লাহ’র হাতে তুলে দেন।

এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও নিহতের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

ইউএনও মো. আশরাফুল আলম রাসেল বলেন, “ইসমাইলের অকাল মৃত্যু আমাদের সকলের জন্যই বেদনাদায়ক। একজন বাবা তার ছেলেকে হারিয়েছে, এর চেয়ে কষ্টের কিছু হতে পারে না। সরকার সবসময় সাধারণ মানুষের পাশে আছে, আমরাও প্রশাসনের পক্ষ থেকে এ পরিবারটির পাশে থাকার চেষ্টা করছি। ভবিষ্যতেও যে কোনো প্রয়োজনে আমরা তাদের সহায়তায় থাকব।”

উল্লেখ্য, উপজেলার নলকুড়া ইউনিয়নের ডাকাবর এলাকার ইসমাইল (১৭) বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে পাহাড়ী ঢলে মহারশি নদীতে ভেসে আসা লাকড়ি ধরতে গিয়ে নিখোঁজ হয়। পরে শুক্রবার ভোরে স্থানীয়রা নদী থেকে তার মরদেহ উদ্ধার করে।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles