পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান-এর সাথে তাঁর রাঙ্গামাটির বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন ডিআইজি (এপিবিএন) সালমা বেগম, পিপিএম, এনডিসি।
সাক্ষাৎকালে মন্ত্রী দীপেন দেওয়ান বলেন, সরকার শীঘ্রই ‘ফ্যামিলি কার্ড’ প্রথা চালু করতে যাচ্ছে। এই কার্ডের বিশেষ বৈশিষ্ট্য হলো, পরিবারের প্রধান হিসেবে নারীর নাম অন্তর্ভুক্ত থাকবে। তিনি গুরুত্বারোপ করে বলেন, তালিকা প্রণয়নের ক্ষেত্রে কোনো রাজনৈতিক বা দলীয় পরিচয় বিবেচনা করা হবে না। প্রশাসনের মাধ্যমে অত্যন্ত স্বচ্ছতার সাথে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম পরিচালনায় আইনশৃঙ্খলা বাহিনীকে যথাযথ ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
মন্ত্রী দীপেন দেওয়ান আরও উল্লেখ করেন, আইন সবার জন্য সমান এবং বর্তমান সময়ে পাহাড়ি নারীরা আর পিছিয়ে নেই। সমাজের প্রতিটি স্তরে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করা সরকারের অন্যতম লক্ষ্য। তিনি দেশের নারীদের পুলিশ, প্রশাসন, প্রতিরক্ষা, পররাষ্ট্র ও জুডিশিয়াল সার্ভিসের মতো গুরুত্বপূর্ণ পেশায় ক্যারিয়ার গড়ার মানসিকতা তৈরি করার ওপর গুরুত্ব দেন।
সাক্ষাৎকালে ডিআইজি সালমা বেগম পার্বত্য অঞ্চলের শান্তি ও শৃঙ্খলা রক্ষায় এপিবিএন-এর কার্যক্রম সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন।
