রুপম চাকমা (বাঘাইছড়ি) রাঙ্গামাটি।।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে রাঙামাটির বাঘাইছড়ি ও সাজেক ইউনিয়নের অত্যন্ত দুর্গম ও যোগাযোগবিচ্ছিন্ন ৬টি ভোটকেন্দ্রে হেলিকপ্টারের মাধ্যমে নির্বাচনী সরঞ্জাম ও কর্মকর্তাদের পাঠানো শুরু হয়েছে।
আজ সোমবার (০৯ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ বিমানবাহিনীর একটি এমআই-১৭ (MI-17) হেলিকপ্টারের মাধ্যমে এই পরিবহন কার্যক্রম শুরু হয়। বাঘাইছড়ির মারিশ্যা জোন হেলিপোর্ট থেকে সরঞ্জামসহ প্রিজাইডিং অফিসার ও নির্বাচনী সংশ্লিষ্ট কর্মকর্তাদের কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে।
দুর্গম পাহাড়ী পথ ও দীর্ঘ দূরত্বের কারণে সড়ক বা নৌপথে এই কেন্দ্রগুলোতে যাতায়াত অত্যন্ত সময়সাপেক্ষ ও ঝুঁকিপূর্ণ। তাই নির্বাচন কমিশনের নির্দেশে প্রতিবারের মতো এবারও বিমানবাহিনীর সহায়তায় এই বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করার লক্ষ্যে এসব দুর্গম ভোটকেন্দ্রগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলা প্রশাসন ও পুলিশ সূত্রে জানা গেছে দুর্গম কেন্দ্রগুলোর চারপাশের স্থিতিশীলতা বজায় রাখতে সেনাবাহিনী ও বিজিবির অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।
ভোটাররা যেন নির্ভয়ে ভোট দিতে পারেন, সেজন্য কেন্দ্র ও তার আশপাশের এলাকায় বিশেষ টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে।স্থানীয় নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার বিকেলের মধ্যেই গুরুত্বপূর্ণ সরঞ্জামগুলো নির্ধারিত কেন্দ্রগুলোতে পৌঁছাতে শুরু করেছে। প্রতিকূল পরিবেশ সত্ত্বেও নির্ধারিত সময়ে ভোট গ্রহণ শুরু করতে প্রশাসনের এই তৎপরতা ভোটারদের মাঝে আস্থা তৈরি করেছে।

