স্টাফ রিপোর্টার।।
তথ্য ও সম্প্রচার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেছেন, সাংবাদিকদের পেশাদারিত্বের বিষয়ে আপোষহীন হতে হবে। কোন অবস্থাতেই আর দলীয় লেজুড়বৃত্তি করা যাবে না।
আজ সোমবার (০২ ফেব্রুয়ারী) ঢাকায় প্রেসক্লাব প্রাঙ্গণে জুলাই রেভ্যুলশনারি জার্নালিস্ট অ্যালায়েন্স ‘আয়োজিত গণমাধ্যম উৎসব ২০২৬’-এ প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা এসব কথা বলেন।
জুলাই গণঅভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণকারী সাংবাদিকদের এই আয়োজনে গণমাধ্যম কমিশন এবং সম্প্রচার অধ্যাদেশ বিষয়ে উপদেষ্টা বলেন, ৫৪ বছরেও একটা গণমাধ্যম কমিশন এবং সম্প্রচার অধ্যাদেশ করা যায়নি, এটা হতাশাজনক। আমরা চেষ্টা করছি সরকার, সাংবাদিক ও সংশ্লিষ্ট সকলের মতামতের ভিত্তিতে এ দুটি অধ্যাদেশ জারি করে যেতে; সময় স্বল্পতার কারনে যদি সম্ভব না হয়, অন্তত চূড়ান্ত খসড়া প্রস্তুত করে যেতে। জনমতের জন্য খসড়া দুটো মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া হয়েছে। গণমাধ্যম সংস্কার কমিশনের মতামতকে ভিত্তি ধরে এটা করা হয়েছে।
উপদেষ্টা সৈয়দা রিজুয়ানা হাসান সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, হুমকি-ধামকির ভাষা পরিহার করতে হবে। পেশাদারিত্ব দিয়ে নিজেদেরকে সম্মানজনক অবস্থানে নিয়ে যেতে হবে। সংবিধানে যে বাক স্বাধীনতার সুরক্ষা দেওয়া হয়েছে, সংগঠন করার স্বাধীনতা দেওয়া হয়েছে তা অন্তরে ধারণ করতে হবে। তিনি বলেন, সাংবাদিকদের মধ্যে মতবিরোধ থাকতে পারে, কিন্তু সাংবাদিকতার ক্ষেত্রে মূল লক্ষ্য হতে হবে বস্তুনিষ্ঠতা। উপদেষ্টা আরো বলেন, আজকের অনুষ্ঠানের মূল আবেদন হলো শুধু স্বৈরাচার না, স্বৈরাচারী ব্যবস্থা যেন আর কখনো ফিরতে না আসতে পারে সেদিকে লক্ষ্য রাখা।
অনুষ্ঠানে শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয়-র মা সামসি আরা জামান বলেন, সাংবাদিকদের সম্মানজনক জীবিকা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে যাতে ফ্যাসিবাদ তাদেরকে ব্যবহার করতে না পারে।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ফ্যাসিবাদমুক্ত সমাজ চাই-এর আহ্বায়ক জয়নাল আবেদীন শিশির, চট্টগ্রাম প্রেস ক্লাবের সেক্রেটারি গোলাম মওলা মুরাদ, জুলাই রেভ্যুলশনারি জার্নালিস্ট অ্যালায়েন্সের সভাপতি, যমুনা টিভির বিশেষ প্রতিনিধি আব্দুল্লাহ তুহিন, বিশেষ অতিথি জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রিয় যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহবুব আলম, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি আইয়ুব ভূঁইয়া, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি জনাব ওবায়দুর রহমান শাহীন।
এসময় আসন্ন গণভোট ও নির্বাচনে দায়িত্ব পালনকালে সাংবাদিকদের সহযোগিতার জন্য একটি হটলাইন নাম্বার ০৯৬৪৪১১১৪৪৪ উদ্বোধন করা হয়।

