বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড, বিভাগীয় কার্যালয় ময়মনসিংহের আয়োজনে এবং বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সার্বিক ব্যবস্থাপনায় হয়ে গেল ‘৯ম বিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী ২০২৬।
আজ (১৭ জানুয়ারি) ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে দিনব্যাপী এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। ট্র্যাক অ্যান্ড ফিল্ডের বিভিন্ন ইভেন্টে অংশ নেন কর্মকর্তা ও কর্মচারিদের সন্তানরা। কর্মকর্তারাও অংশ নেন বিভিন্ন ইভেন্টে।
এরআগে সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হক। এ সময় তিনি বলেন, “কর্মব্যস্ততার মাঝে ক্রীড়া প্রতিযোগিতা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মাঝে কাজের স্পৃহা বাড়াবে এবং শরীর ও মনকে ভালো রাখবে। “আগামীতে আরো বড় পরিসরে এই আয়োজন মাঠে গড়ানোর প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মিজ ফারাহ শাম্মী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড ময়মনসিংহের পরিচালক ড. মুহাম্মদ মফিজুল ইসলাম, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) কাজী জিয়াউল বাসেত এবং ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। এ ছাড়া জামালপুর, শেরপুর ও নেত্রকোণা জেলার জেলা প্রশাসকসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী প্রতিযোগিতায় ময়মনসিংহ বিভাগের চার জেলার সরকারি কর্মকর্তা-কর্মচারী ও তাঁদের সন্তানরা বিভিন্ন ইভেন্টে অংশ নেন। খেলা শেষে বিজয়ীদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেন অতিথিরা।

