আমাদের সমাজে মূল্যবোধের অবক্ষয় হয়েছে – তথ্যমন্ত্রী

 

সোমবার দুপুরে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে উপজেলা আইন- শৃঙ্খলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, আমাদের সমাজে মূল্যবোধের অবক্ষয় হয়েছে বিশেষ করে তরুণ প্রজন্মের। সরকারের নবীন কর্মকর্তাদের বিনয়ের সাথে কাজ করতে হবে উল্লেখ করে তিনি বলেন কর্মকর্তাদের পেশাদারিত্ব আরও বাড়াতে হবে যেন জনগণ সরকারি দপ্তর থেকে প্রকৃত সেবা পায়।

তথ্যমন্ত্রী বলেন, সরকারি কাজে গতি আনতে পুলিশ বিভাগ ও প্রশাসনের মধ্যে কাজের সমন্বয় করতে হবে। প্রশাসনের কর্মকর্তাদের দলমত নির্বিশেষে নিরপেক্ষভাবে কাজ করতে হবে। এসময় তিনি অন্যায়কারীদের কোনভাবে প্রশ্রয় দেওয়া হবে না বলে মন্তব্য করেন।

গৌরনদী উপজেলায় মাদকের বর্তমান পরিস্থিতি তুলে ধরে আইন- শৃঙ্খলা কমিটির সদস্যদের উদ্দেশে মন্ত্রী বলেন, আজ থেকে গৌরনদীতে মাদক চক্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। মাদকের বিরুদ্ধে প্রশাসনকে কঠোর অবস্থানের নির্দেশনা প্রদান করে তিনি মাদক ব্যবসায়ী ও এর সেবকদের তথ্য সংগ্রহের আহ্বান জানান। এছাড়া মন্ত্রী প্রতিটি ইউনিয়নে দ্রুত মাদক বিরোধী কমিটি গঠন ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের মাঝে সচেতনতা ক্যাম্পেইন পরিচালনা করার নির্দেশনা প্রদান করেন।

তিনি আরও বলেন, বরিশাল অঞ্চলে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ভবিষ্যতে ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত মহাসড়ককে ৪ লেনে উন্নিত করার প্রস্তাব করা হবে একনেকে। এছাড়া সড়ক দুর্ঘটনার শিকার এমন ব্যক্তিদের চিকিৎসার জন্য এই অঞ্চলে একটি ট্রমা সেন্টার স্থাপন করার প্রস্তাব করা হবে।

সভায় গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইব্রাহীম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন বরিশাল জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সুমন ও পুলিশ সুপার এ. জেড. এম মোস্তাফিজুর রহমান। এসময় উপজেলা পর্যায়ে সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles