নিজস্ব প্রতিবেদক। .
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান এমপি বলেছেন, ‘সবার আগে বাংলাদেশ’। সাম্য ও সম্প্রীতির বন্ধনে সকলে মিলে মিশে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিতে হবে আমাদের।
আজ সোমবার (০২ মার্চ) রাঙ্গামাটি শহরের বনরূপায় দারুচিনি ক্যাফে রেস্টুরেন্টে বাংলাদেশ জামায়াতে ইসলামী, রাঙ্গামাটি পার্বত্য জেলা শাখা আয়োজিত বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ‘পবিত্র মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী দীপেন দেওয়ান তাঁর বক্তব্যে পবিত্র রমযান মাসে রাঙ্গামাটির সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সকল স্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতি উদাত্ত আহ্বান জানান। অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ ও বিশ্বের সকল মানুষের কল্যাণ ও শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
রাঙ্গামাটি পার্বত্য জেলা জামায়াতে ইসলামীর আমীর মুহাম্মদ আব্দুল আলীম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার, বিএনপি’র সভাপতি দীপন তালুকদার দীপু, সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম ভুট্টো এবং রাঙ্গামাটি জেলা জেএসএস সভাপতি গঙ্গা মানিক।
এছাড়াও এবি পার্টি এবং রাঙ্গামাটি প্রেস ক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এই আয়োজনে অংশ নেন।
