পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সকল প্রতিষ্ঠানকে বৈষম্যহীন ও আন্তরিকভাবে কাজ করতে হবে: পার্বত্য মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সকল প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে কাজ করতে হবে। তিনি আরও বলেন, বর্তমান গণতান্ত্রিক সরকার পার্বত্য অঞ্চলের উন্নয়নে কোনো ধরনের বৈষম্য সৃষ্টির সুযোগ দিবে না।
আজ রবিবার (০১ মার্চ) রাঙ্গামাটি জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলার সরকারি দপ্তরের কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী দীপেন দেওয়ান তাঁর বক্তব্যে বর্তমান সরকারের ১৮০ দিনের কর্মসূচিকে অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দিয়ে বলেন, আমি আপনাদের সহযাত্রী হতে চাই। পার্বত্য চট্টগ্রামের সকল সম্প্রদায়কে সাথে নিয়ে আমাদের এগুতে হবে। কাউকে বাদ দিয়ে নয়। তিনি সরকারি কর্মকর্তাদের জনস্বার্থের বিষয়গুলো চিহ্নিত করার আহ্বান জানান এবং আশ্বস্ত করেন যে, এই অঞ্চলের উন্নয়নের দাবিগুলো তিনি সরাসরি সরকার প্রধানের কাছে তুলে ধরবেন।
সাম্প্রদায়িক সম্প্রীতি প্রসঙ্গে মন্ত্রী দীপেন দেওয়ান সতর্ক করে বলেন, উন্নয়ন বা সুযোগ-সুবিধার ক্ষেত্রে বৈষম্য হলে সম্প্রীতি বিনষ্ট হওয়ার আশঙ্কা থাকে। তাই সকল জাতি, ধর্ম ও সম্প্রদায়ের সমান সুযোগ নিশ্চিত করার জন্য তিনি সকল প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানান।
রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা, রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব কংকন চাকমা এবং সংশ্লিষ্ট দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা তাদের নিজ নিজ কার্যক্রম ও অগ্রগতি মন্ত্রীর সামনে তুলে ধরেন।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles