২২ বছর পর ভারতকে হারাল বাংলাদেশ

এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে ফুটবলপ্রেমীদের জন্য এক অবিস্মরণীয় মুহূর্ত উপহার দিল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। টানা ২২ বছর ভারতের বিপক্ষে জয়হীন থাকার পর অবশেষে সেই খরা কাটাল লাল-সবুজরা। মঙ্গলবার (১৮ নভেম্বর) ঢাকার জাতীয় স্টেডিয়ামে শক্তিশালী ভারতকে ১-০ গোলে হারিয়ে ইতিহাস রচনা করে জাভিয়ার কাবরেরা’র শিষ্যরা।

ম্যাচের একমাত্র এবং জয়সূচক গোলটি আসে ১০ মিনিটে। বাঁ দিক থেকে রাকিব হাসানের বাড়ানো পাস দারুণ টোকায় জালে পাঠান মিডফিল্ডার শেখ মোরসালিন। জাতীয় দলের হয়ে এটি তার সপ্তম গোল। শুরু থেকেই আক্রমণাত্মক খেলে ভারতীয় রক্ষণভাগকে চাপে রাখে বাংলাদেশ।

গোল হজমের পর ভারত আক্রমণে গতি আনলেও বাংলাদেশ রক্ষণভাগ ছিল অবিচল। বিশেষ করে মিডফিল্ডার হামজা চৌধুরী ছিলেন ‘চীনের দেয়াল’। ৩১তম মিনিটে গোলরক্ষক মিতুল মারমা বারের বাইরে থাকায় নিশ্চিত গোল থেকে দলকে বাঁচান হামজা। প্রথমার্ধের শেষ দিকে তার জোরালো শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়ে দ্বিতীয় গোল পাওয়া থেকে বঞ্চিত হয় বাংলাদেশ।

২৭তম মিনিটে ডিফেন্ডার তারিক কাজী চোট পেয়ে মাঠ ছাড়ায় কিছুটা উদ্বেগ দেখা দিলেও বাংলাদেশের রক্ষণ দেয়ালে তেমন ফাটল ধরাতে পারেনি ভারত। ম্যাচে উত্তেজনার মুহূর্তও কম ছিল না; তপু বর্মণ ও ভারতের বিক্রমের মধ্যে সংঘর্ষের ঘটনায় দু’জনকেই হলুদ কার্ড দেখান রেফারি।

শেষ পর্যন্ত মোরসালিনের গোলই নির্ধারণ করে দেয় ম্যাচের ভাগ্য। ভারতের বিপক্ষে বহু প্রতীক্ষিত এই জয়ে বাংলাদেশ এখন গ্রুপ ‘সি’-তে ৫ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে তিন নম্বরে। সমান ম্যাচে মাত্র ২ পয়েন্ট পাওয়া ভারত আছে তলানিতে।

এই জয়ে এশিয়ান কাপের স্বপ্ন আরও উজ্জ্বল করে তুলল বাংলাদেশ, আর ফুটবলপ্রেমীরা পেলেন নতুন আশার আলো।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles