কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলে বানরের আঁচড়ে শিক্ষার্থী – স্টাফসহ ৭ জন আহত হয়েছেন। বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন হল প্রাধ্যক্ষ ম. জিয়া উদ্দীন।
আহতদের মধ্যে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারী ও ৬ জন শিক্ষার্থী। তাদের একজন আবাসিক শিক্ষার্থী আব্দুল মালেক জানান, “সকালে মিড দেওয়ার জন্য তাড়াহুড়ো করে বের হচ্ছিলাম। হঠাৎ বানরটি খামচি মারে, এতে হালকা রক্তপাত হয়।”
কুবি মেডিকেল সেন্টারের ডেপুটি চিফ মেডিকেল অফিসার ড. মাহমুদুল হাসান খান বলেন, “আমরা সাতজনকে প্রাথমিক চিকিৎসা দিয়েছি। জলাতঙ্কের ঝুঁকি থাকায় তাদের কুমিল্লা সদর হাসপাতালে রেফার করেছি।”
প্রাধ্যক্ষ ম. জিয়া উদ্দীন বলেন, “আমাদের এক স্টাফকে আঁচড় দিয়েছে। আমরা বন্য প্রাণী সংরক্ষণ অধিদপ্তরকে জানিয়েছি। তারা দ্রুত নিরাপদভাবে বানরটিকে সরিয়ে নেবে বলে আশ্বস্ত করেছেন। আক্রান্তদের যথাযথ চিকিৎসা নিতে বলা হয়েছে।”

