হামলা, মামলা, জেল-জুলুম সবই সয়ে নিয়েছেন, কিন্তু রাজনীতি ছাড়েননি। আদর্শ আর নেত্রীর প্রতি অগাধ বিশ্বাস তাঁকে আজও সাহস জুগিয়ে চলছে। তিনি বরগুনার তালতলী উপজেলার মালিপাড়া গ্রামের মো. কবির হোসেন একজন বিএনপির নিবেদিতপ্রাণ রাজনৈতিক কর্মী, যিনি রাজনৈতিক নিষ্ঠা আর আত্মত্যাগের জন্য স্থানীয় নেতাকর্মীদের কাছে আজও প্রেরণার নাম।
জানা গেছে, কবির হোসেন ছাত্রজীবন থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। প্রতিটি আন্দোলন-সংগ্রামে তিনি ছিলেন রাজপথে সক্রিয়। ২০০১ সালের পর থেকে এখন পর্যন্ত তার বিরুদ্ধে একাধিক রাজনৈতিক মামলা হয়েছে, যার অনেকগুলো ছিল গায়েবি ও প্রতিহিংসামূলক। অনেকবার তাঁকে জেলে যেতে হয়েছে।
তালতলীর রাজনৈতিক ইতিহাসে তিনি একজন চিহ্নিত সাহসী নেতা। দলীয় দুঃসময়ে অন্যরা গা ঢাকা দিলেও কবির হোসেন থেকেছেন মিছিলের সামনে, স্লোগানের মাঝে। দলীয় নেতারা বলেন, কবির ভাই শুধু কর্মী নন, উনি হচ্ছেন আন্দোলনের অগ্রভাগের মানুষ। উনি আমাদের শক্তি।
বিএনপির স্থানীয় নেতারা আরও জানান, কবির হোসেন এলাকার তরুণদের সংগঠিত করেন, দলীয় কার্যক্রমে উৎসাহিত করেন এবং প্রতিটি জাতীয় ইস্যুতে মাঠে থাকেন। তাঁর মতো কর্মীরাই বিএনপির আদর্শিক ভিতকে এখনও ধরে রেখেছেন।
আজও মালিপাড়ার মানুষ কবির হোসেনকে দেখলে বলেন, ওই যে কবির ভাই মামলার ভয়েও থামেননি।

