কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে বিপুল ভোটে বেসরকারি ভাবে জয়লাভ করেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি।
তিনি নৌকা প্রতীকে ১ লক্ষ ৭৩ হাজার ৬৭৬ ভোট পেয়ে বেসরকারিভাবে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী চান্দিনা উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো.মুনতাকিম আশরাফ ঈগল প্রতীকে ১১ হাজার ৬৬৮ ভোট পেয়েছেন।
রবিবার (৭ জানুয়ারি) রাতে সহকারি রিটার্নিং অফিসার ও চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার জাবের মো. সোয়াইব উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নির্বাচনী ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে বেসরকারি ওই ফলাফল ঘোষণা করেন।
এর আগে উপজেলার ৮৯টি ভোট কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ হয়। নির্বাচনে অন্য প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মো. লুৎফুর রেজা লাঙল প্রতীকে ২ হাজার ১৭৮ ভোট, কৃষক শ্রমিক জনতা লীগ প্রার্থী তোফায়েল হোসাইন গামছা প্রতীকে ১ হাজার ৪৩৪ ভোট, গণফ্রন্ট প্রার্থী মো. এমদাদুল হক মাছ প্রতীকে ৫৭০ ভোট, সুপ্রিম পার্টির প্রার্থী মো. সহিদুল্লাহ্ একতারা প্রতীকে ১হাজার ১৯৮ ভোট এবং বাংলাদেশ কংগ্রেস প্রার্থী সালাম মিয়া ডাব প্রতীকে ৭৫২ ভোট পেয়েছেন। চান্দিনায় ১ লক্ষ ৯৩ হাজার ৭৪৯ জন ভোটার তাদের ভোটাধিটাকার প্রয়োগ করেন। এর মধ্যে ২হাজার ২৭৩টি ভোট বাতিল হয়। প্রাপ্ত ভোটের শতকরা হার ছিল ৬৩.৮৯ শতাংশ।
২০২১ সালের ৩১ জুলাই এই আসনের সংসদ সদস্য সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এর মৃত্যু হলে উপ-নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত বিজয় লাভের পর বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি এ বিজয়কে চান্দিনাবাসীর বিজয় বলে আখ্যায়িত করেন।

